kachuanews24.com

কচুয়ায় পুলিশের অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার, আটক ২

নভেম্বর ২৫, ২০২৬ · Kachuanews24.com
ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এক্স

 


নিজস্ব প্রতিবেদক, কচুয়া (চাঁদপুর):

চাঁদপুরের কচুয়ায় পুলিশের অভিযানে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নাহিদ হোসেন (২৭) ও মো. আরাফাত (২১) নামে দুজনকে আটক করেছে পুলিশ।


বুধবার (২৫ নভেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে কচুয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, এর আগে মঙ্গলবার রাতে চাঁদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গনি স্কুলের পেছনে কুড়ালিয়া এলাকায় সদর মডেল থানা পুলিশের একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহজনক চলাচলের কারণে কয়েকজন যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।


একপর্যায়ে মোবাইল ফোন যাচাই করতে গিয়ে মো. আরাফাতের ফোনের গ্যালারিতে একটি পিস্তলের ছবি দেখতে পান পুলিশ সদস্যরা। এ বিষয়ে জিজ্ঞাসাবাদে আরাফাত পুলিশকে জানান, পিস্তলটি নাহিদ হোসেনের।


পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি দল কচুয়া থানা পুলিশের সহযোগিতায় কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালায়। এ সময় নাহিদ হোসেনের বসতঘরের একটি খাটের ড্রয়ার থেকে পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।


আটক দুজন হলেন কড়ইশ গ্রামের জাকির হোসেনের ছেলে নাহিদ হোসেন এবং একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. আরাফাত।


অভিযান শেষে তাঁদের চাঁদপুর সদর মডেল থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

বিভাগ: কচুয়া চাঁদপুর সারা বাংলা