কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত, ঝরে পড়া রোধ ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে চাঁদপুরের কচুয়া উপজেলার ১১৯নং এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও সমাজসেবক সেলিম তালুকদার। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সিদ্দিকুর রহমান তালুকদার।
প্রধান শিক্ষক মনিরুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক সভাপতি কাউসার তালুকদার, হুমায়ুন কবির তালুকদার লিটন, কবি আলী আক্কাস তালুকদারসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে মায়েদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সমাবেশে মায়েরা সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো ও পড়াশোনার প্রতি যত্নশীল হওয়ার অঙ্গীকার করেন। পরে সভাপতি সেলিম তালুকদারের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে ডায়েরি বিতরণ করা হয়।
