kachuanews24.com

সচ্ছলতার স্বপ্ন নিয়ে দুবাই যাত্রা, ১৯ বছর পর কফিনবন্দি হয়ে ফিরলেন কচুয়ার মহিন

নভেম্বর ২১, ২০২৬ · Kachuanews24.com
ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এক্স


ছবি: ১৯ বছর পর পরিবারের কাছে ফিরলেন মহিন খান, তবে জীবিত নয়—কফিনবন্দি মরদেহ হয়ে।


মোঃ রাসেল, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে ১৯ বছর আগে দুবাই পাড়ি জমিয়েছিলেন চাঁদপুরের কচুয়ার মহিন খান। দীর্ঘ প্রবাসজীবনের সংগ্রাম শেষে পরিবারের কাছে ফিরলেন কফিনবন্দি হয়ে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার (২১ নভেম্বর) বিকেলে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়।


গত ২০ নভেম্বর রাতে একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মহিনের মরদেহ। পরে বিকেল ৩টার দিকে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগীরি গ্রামের নিজ বাড়িতে নেওয়া হয়। মাগরিবের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।


মহিন খান ওই গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি স্ত্রী স্বর্ণা আক্তার ও ৯ বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন। তাঁর মরদেহ বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও স্বজনরা। শোকের ছায়া নেমে আসে পুরো গ্রামে।


নিহতের স্বজনরা জানান, গত ৬ জুন দুবাইয়ের আরবিয়ান এমারেটস এলাকার একটি বাসা থেকে মহিন খান, তাঁর কোম্পানির মালিক ও মালিকের স্ত্রী নিখোঁজ হন। এ ঘটনায় ১৩ জুলাই দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে নিখোঁজের আবেদন করা হয়।


পরে ১৪ সেপ্টেম্বর আবুধাবির একটি মরুভূমি থেকে বালুচাপা অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করে দুবাই সিআইডি পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই চীনা নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ বলে জানান স্বজনরা।


পরিবারের সদস্যরা জানান, গত ৬ নভেম্বর মহিনের মৃত্যুর বিষয়টি তাঁদের নিশ্চিত করা হয়। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়।


এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। পাশাপাশি দুবাইয়ে মহিনের ব্যবহৃত একটি প্রাইভেটকার, প্রয়োজনীয় কাগজপত্র ও মূল্যবান মালামাল উদ্ধারে বাংলাদেশ সরকার এবং দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন তাঁরা।


এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, ঘটনাটি বিদেশে সংঘটিত হওয়ায় এ বিষয়ে তাঁদের কাছে সরাসরি কোনো তথ্য নেই।

বিভাগ: কচুয়া দেশ