ইউএনও পদে পদোন্নতি পেয়ে চট্টগ্রামে বদলি
মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে পদোন্নতি পেয়ে চট্টগ্রামে বদলি হয়েছেন। তাঁর বদলির খবরে কচুয়ায় সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়দের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।
কর্মকালীন সময়ে সততা, নিষ্ঠা, দক্ষতা ও মানবিক আচরণের মাধ্যমে তিনি স্থানীয় মানুষের আস্থা অর্জন করেন। বিশেষ করে ভূমিসংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে সেবা নিতে আসা সাধারণ মানুষের কথা মনোযোগ দিয়ে শোনা, প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া এবং দ্রুত সেবা প্রদানের আন্তরিক প্রচেষ্টা তাঁকে মানুষের কাছে পরিচিত করে তোলে।
দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে তাঁর বিনয়ী ও আন্তরিক আচরণ ছিল প্রশংসিত। হাসিমুখে কথা বলা এবং সেবাপ্রার্থীদের সহযোগিতায় এগিয়ে আসার কারণে অল্প সময়েই তিনি কচুয়াবাসীর ভালোবাসা অর্জন করেন।
তাঁর পদোন্নতি ও নতুন কর্মস্থলে যোগদানের বিষয়টি আনন্দের হলেও কচুয়ার অনেকের কাছে এটি আবেগঘন বিদায়। স্থানীয়দের প্রত্যাশা, নতুন কর্মস্থল চট্টগ্রামেও তিনি সততা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখবেন।
কচুয়াবাসী ও কচুয়া প্রেসক্লাবের পক্ষ থেকে মোঃ আবু নাছিরের আগামী কর্মজীবনের সফলতা কামনা করে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
