মো. নাছির উদ্দিন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি।।
‘প্রজাতন্ত্রের মালিক জনগণ, সরকারি কর্মচারীরা তাদের সেবক মাত্র’—সংবিধানের এই চেতনাকে ধারণ করে জনসাধারণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ভূমিসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন চাঁদপুরের কচুয়া উপজেলার সদ্য বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু নাছির। সততা, দক্ষতা ও মানবিক আচরণের মাধ্যমে তিনি অল্প সময়েই কচুয়াবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেন। তাঁর পদোন্নতিজনিত বদলির খবরে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে আবেগঘন প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বিকেলে উপজেলা ভূমি অফিসে উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে মোহাম্মদ আবু নাছিরের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
এ সময় উপস্থিত ছিলেন নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান, উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. নজরুল ইসলাম, নাজির মো. সোহাগ হোসেন, পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, বক্সগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. ইমাম হোসেন পাটোয়ারী, পাথৈর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা নিশিত দত্ত, সাচার ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা একরামুল হক, গুলবাহার ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মো. রবিউল আলম, গোহট উত্তর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মাছুম বিল্লাহ এবং গোহট দক্ষিণ ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা জামশেদ আলম।
অনুষ্ঠান শেষে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু নাছিরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
মোহাম্মদ আবু নাছির ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি ২০২৫ সালের ৯ আগস্ট কচুয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই সততা, কর্মদক্ষতা ও মানবিক আচরণের মাধ্যমে সহকর্মী, সেবাগ্রহীতা এবং উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন।
কচুয়ায় দায়িত্ব পালনকালে তিনি ভূমিসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিশেষ গুরুত্ব দেন। নামজারি ও জমাখারিজ, মিসকেসসহ ভূমিসংক্রান্ত বিভিন্ন সমস্যায় সেবাপ্রার্থীদের কথা মনোযোগ দিয়ে শুনতেন এবং দ্রুত সমাধানের উদ্যোগ নিতেন। তাঁর দাপ্তরিক কক্ষে সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল উন্মুক্ত। বিশেষ করে অসহায় ও সাধারণ মানুষের প্রতি তাঁর আন্তরিকতা তাঁকে আলাদা পরিচিতি এনে দেয়।
এ ছাড়া সরকারি খাসজমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ, অবৈধ বালু উত্তোলন বন্ধে পদক্ষেপ গ্রহণ এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও পণ্যের মান বজায় রাখার ক্ষেত্রেও তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করেন।
বিদায়বেলায় মোহাম্মদ আবু নাছির বলেন, “কচুয়ার আপামর জনসাধারণের কাছে আমি চিরকৃতজ্ঞ। দায়িত্ব পালনকালে কোনো বিষয়ে কাউকে দুঃখ দিয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”
উল্লেখ্য, পদোন্নতিজনিত কারণে মোহাম্মদ আবু নাছিরকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পদায়ন করা হয়েছে।
