মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় একটি মৎস্য খামারে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ২০ থেকে ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারের মালিক।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে নোয়াগাঁওয়ের ‘মজিব এগ্রো কেয়ার অ্যান্ড ফিশারিজ’ নামের খামারে এ ঘটনা ঘটে। পরদিন রোববার সকালে খামারে গিয়ে রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া ও সরপুঁটিসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে পানিতে ভেসে থাকতে দেখেন খামারি মজিবুর রহমান।
তিনি জানান, প্রায় ৮ একর আয়তনের পুকুরে দীর্ঘ ৭-৮ বছর ধরে মাছ চাষ করে আসছেন। বিষ প্রয়োগের ঘটনায় প্রায় দেড় লাখ রেণু পোনাসহ বিপুল পরিমাণ মাছ মারা গেছে। এতে আনুমানিক ২০-২২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
খামারের পাহারাদার শাহরিয়ার নাজিম জয় জানান, রাত ১টা পর্যন্ত তিনি খামার পাহারা দিয়ে ঘুমিয়ে পড়েন। এরপর রাতের কোনো একসময় দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করেছে বলে ধারণা করছেন তিনি।
খামারের যৌথ মালিক মজিবুর রহমান ও তাঁর বড় ভাই কাউছার আলম অভিযোগ করেন, এর আগেও তাঁদের মাছের খামারে তিনবার বিষ প্রয়োগ করা হয়েছে। এছাড়া ২০২৫ সালে তাঁদের একটি বসতঘরে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এসব ঘটনায় তাঁদের মোট আর্থিক ক্ষতি কোটি টাকা ছাড়িয়েছে বলে দাবি করেন তাঁরা। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
