kachuanews24.com

বন্ধুর জানাজায় অঝোরে কেঁদেছিলেন যে প্রদীপ, আজ জরাজীর্ণ ঘরে ৫ সন্তান নিয়ে তাঁর নিজেরই জীবনযুদ্ধ!

নভেম্বর ১০, ২০২৬ · Kachuanews24.com
ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এক্স

নিজস্ব প্রতিবেদক।।


ধর্মের সীমানা ছাড়িয়ে বন্ধুত্বের টানে যিনি একসময় অঝোরে কেঁদেছিলেন, আজ ভাগ্যের নির্মম পরিহাসে সেই প্রদীপ সরকার নিজেই জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসার খরচ মেটাতে গিয়ে নিঃস্ব হয়ে যাওয়া এই মানুষটি এখন স্ত্রী ও পাঁচ সন্তানকে নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন।

চাঁদপুরের কচুয়া উপজেলার দোয়াটি এলাকার বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী প্রদীপ সরকার (৫৫)। বাবা মৃত অতুল সরকার। স্ত্রী রেখা রানী সরকার এবং পাঁচ ছেলে—সৌরভ, সৈকত, সম্পদ, শান্ত ও সম্রাটকে নিয়ে তাঁর সংসার। প্রায় এক মাস আগে দোয়াটি মবিনের দোকানের সামনে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা চলে। চিকিৎসা শেষে বাড়িতে ফিরলেও এখনো মাথার অসহ্য যন্ত্রণা ও শারীরিক অসুস্থতা কাটেনি তাঁর।

দুর্ঘটনার পর চিকিৎসা করাতে গিয়ে পরিবারের সঞ্চিত শেষ সম্বলটুকুও ফুরিয়ে গেছে। বর্তমানে উপার্জনক্ষম কোনো শারীরিক সক্ষমতা না থাকায় পাঁচ সন্তান ও স্ত্রীকে নিয়ে এক গভীর সংকটে পড়েছেন তিনি। সন্তানদের লেখাপড়ার খরচ, নিত্যপ্রয়োজনীয় সংসার ব্যয় কিংবা নিজের পিজিয়ন চিকিৎসা—কোনোটিই আর চালিয়ে নিতে পারছেন না।

এর ওপর পরিবারের বসবাসের ঘরটির অবস্থাও অত্যন্ত নাজুক। সামান্য বৃষ্টি হলেই ভাঙাচোরা ও জরাজীর্ণ এই ঘরের ভেতরে পানি ঢুকে পড়ে, যা পরিবারটির দুর্ভোগকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়। অভাব-অনটনের এই অন্তহীন লড়াইয়ে পাশে দাঁড়ানোর মতো সামর্থ্যবান কেউ নেই বললেই চলে।

অসহায় প্রদীপ সরকার জানান, “দুর্ঘটনার পর থেকে শারীরিকভাবে সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছি। মাথায় প্রচণ্ড ব্যথা ও চলাচলে কষ্ট হচ্ছে। চিকিৎসার পেছনে সব জমানো টাকা শেষ। বর্তমানে স্ত্রী ও পাঁচ সন্তানকে নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছি। আমার চিকিৎসা ও সংসারের জন্য সরকার এবং সমাজের বিত্তবান মানুষের আন্তরিক সহযোগিতা চাই।”

প্রতিবেশীরা জানান, প্রদীপ সরকার অত্যন্ত সহজ-সরল ও নিরীহ প্রকৃতির মানুষ। দীর্ঘদিন ধরে অভাবের সঙ্গে লড়াই করলেও দুর্ঘটনার পর তাঁদের দুর্দিন চরমে পৌঁছেছে। জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটানো এই পরিবারটির পাশে বিত্তবানদের এগিয়ে আসা অত্যন্ত জরুরি।

প্রদীপ সরকারের স্ত্রী রেখা রানী সরকার বলেন, “স্বামীর চিকিৎসা, সন্তানদের লেখাপড়া এবং সংসার চালানো এখন আমাদের পক্ষে অসম্ভব। স্বামীর চিকিৎসা ও সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি দেশবাসীর কাছে আকুল আবেদন জানাচ্ছি।”

উল্লেখ্য, চলতি বছরের ১২ আগস্ট প্রদীপ সরকারের ঘনিষ্ঠ মুসলিম বন্ধু কামাল হোসেন বাবুল মৃত্যুবরণ করেন। পরদিন বন্ধুর জানাজায় গিয়ে আবেগাপ্লুত হয়ে তাঁর কান্নার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছিল। ধর্মের ভিন্নতা ভুলে বন্ধুত্বের সেই অনন্য নজির স্থাপনকারী প্রদীপ সরকার আজ নিজের জীবন বাঁচাতে ও পরিবারের একটু আশ্রয়ের জন্য সমাজের দ্বারে দ্বারে হাত পাতছেন।

তাঁর চিকিৎসা, পরিবারের ভরণপোষণ এবং পাঁচ সন্তানের ভবিষ্যৎ রক্ষার্থে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও মানবিক বিত্তবানদের এগিয়ে আসার বিনীত আহ্বান জানিয়েছে পরিবার ও এলাকাবাসী।

সহযোগিতা পাঠানোর ঠিকানা:

প্রদীপ সরকারের পরিবারকে আর্থিক সহায়তা পাঠাতে চাইলে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে: ০১৬৭৩৪৬৭৩২১

বিভাগ: কচুয়া খোলা লেখা