kachuanews24.com

নজরুল বর্ষ উদযাপন: কচুয়ায় মাসব্যাপী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নভেম্বর ১৬, ২০২৬ · Kachuanews24.com
ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এক্স


শারমিন আক্তার, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, দর্শন ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ ২০২৬–২০২৭ উদযাপন উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৬ নভেম্বর) দিনব্যাপী কচুয়া উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপ্ন, সিনিয়র সহ-সভাপতি আজিজ উল্লাহ মাস্টার এবং উপজেলা শিক্ষা বিষয়ক সমন্বয়ক মো. আব্দুল ওয়াদুদ মজুমদার। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, সম্মানিত শিক্ষকবৃন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ আলী খান এবং একাডেমিক সুপারভাইজার এ কে এম সোহেল রানা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কৃতী শিক্ষার্থীরা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।



পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীল প্রতিভার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় তাদের আরও উৎসাহিত করা হয়।


আয়োজকরা মনে করেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, মানবতাবাদী আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনার প্রতি আগ্রহ বাড়াবে। পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থ সাংস্কৃতিক বিকাশ এবং সৃজনশীল প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


অনুষ্ঠানের শেষপর্যায়ে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।


সংস্কৃতির আলোয় আলোকিত হোক নতুন প্রজন্ম, সৃজনশীলতায় বিকশিত হোক আগামীর বাংলাদেশ—এমন প্রত্যাশার মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিভাগ: কচুয়া খেলাধুলা