kachuanews24.com

চাঁদপুরে ডায়াগনস্টিক সেন্টারসহ তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর ১৬, ২০২৬ · Kachuanews24.com
ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এক্স


চাঁদপুর প্রতিনিধি:

মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ, ডায়াগনস্টিক পরীক্ষায় অতিরিক্ত অর্থ আদায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে চাঁদপুর শহরে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


রবিবার (১৫ নভেম্বর) দুপুরে চাঁদপুর শহরের আদালত পাড়া রোড ও শহীদ মুক্তিযোদ্ধা সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।


অভিযান সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ কিট সংরক্ষণ এবং ডায়াগনস্টিক পরীক্ষার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের দায়ে কিউরেক্স ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে সাইফুল ভায়ের দোকানকে ৩ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ বার্গার বান বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে লেভেল ক্যাফেকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।


অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, জরিমানার অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করেছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেছে প্রতিষ্ঠানগুলোর মালিকপক্ষ।


অভিযান চলাকালে শহরের অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।


ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারি না করার নির্দেশনা দেওয়া হয়।


অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা করে।


জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

বিভাগ: চাঁদপুর দেশ