kachuanews24.com

চাঁদপুরের কচুয়ায় বেতন পাননি ১৭১ প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৯০০ শিক্ষক-কর্মচারী

নভেম্বর ০৫, ২০২৬ · Kachuanews24.com
ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এক্স

প্রশাসনিক জটিলতা ও পে-ফিক্সেশনের অজুহাতে চরম বিপাকে শিক্ষকরা



মো: সালাউদ্দিন সোহাগ, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়া উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অক্টোবর মাসের বেতন পাননি। নভেম্বর মাসের ৫ তারিখ পেরিয়ে গেলেও বেতন পরিশোধ না হওয়ায় চরম আর্থিক অনিশ্চয়তা ও মানবেতর পরিস্থিতির মধ্যে পড়েছেন ৮৯৬ জন শিক্ষক-কর্মচারী। শিক্ষা অফিসের প্রশাসনিক গাফিলতি ও সমন্বয়হীনতার কারণেই বেতন বিলে এই বিলম্ব ঘটছে বলে অভিযোগ উঠেছে।

আসন্ন সপ্তাহান্তে টানা তিন দিনের সরকারি ছুটির কারণে বেতন প্রাপ্তি আরও দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষক সমাজ। এর ফলে কবে নাগাদ তাঁরা অক্টোবর মাসের বেতন হাতে পাবেন, তা নিয়ে তীব্র অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বর্তমান বাজারদরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির মধ্যে সময়মতো বেতন না পাওয়ায় শিক্ষকদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। সংসারের দৈনন্দিন খরচ, সন্তানদের পড়াশোনার খরচ, বাড়িভাড়া এবং চিকিৎসাবাবদ ব্যয় মেটাতে শিক্ষকরা বিভিন্ন উপায়ে ধারদেনা করতে বাধ্য হচ্ছেন। চাকরির বিভিন্ন প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে প্রকাশ্যে কেউ মুখ খুলতে না পারলেও শিক্ষক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহীনা আক্তারের দাপ্তরিক কার্যক্রমে অবহেলা ও দীর্ঘসূত্রতার কারণেই মূলত বেতন-সংক্রান্ত প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন হয়নি। চলতি সপ্তাহের রবি ও সোমবার তিনি ছুটিতে থাকায় বেতন বিল প্রস্তুতের প্রক্রিয়া আরও পিছিয়ে যায়।

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহীনা আক্তার ভিন্ন কথা বলেন। তিনি দাবি করেন, নতুন বেতন কাঠামো বা ‘পে-ফিক্সেশন’ সংক্রান্ত জটিলতার কারণেই বেতন বিল তৈরিতে বিলম্ব হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, কেবল কচুয়া নয়, খোদ চাঁদপুর সদর উপজেলাতেও এখনও শিক্ষকদের বেতন বিল প্রস্তুত হয়নি।

মাসের পর মাস নিয়মিত পাঠদান ও দাপ্তরিক দায়িত্ব পালন করার পরও শিক্ষকদের কেন এমন আর্থিক অনিশ্চয়তার মুখে পড়তে হবে—সেই প্রশ্ন এখন জোরালো হয়ে উঠেছে। শ্রেণিকক্ষে পাঠদান ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি নিজেদের মৌলিক অধিকার নিয়ে শিক্ষকদের দুশ্চিন্তায় থাকা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়।

দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান চেয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী শিক্ষকরা। বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্ত করে বেতন ছাড়ে বিলম্বের প্রকৃত কারণ উদঘাটন এবং অতিদ্রুত অক্টোবর মাসের বেতন পরিশোধের কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। একইসঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়েও প্রশাসনিক নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

বিভাগ: কচুয়া চাঁদপুর শিক্ষা