kachuanews24.com

কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযান: আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

নভেম্বর ০৮, ২০২৬ · Kachuanews24.com
ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এক্স



মো. রাছেল, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি।

চাঁদপুরের কচুয়ায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার ও শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। সবাইকে একই মামলায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।


থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার (৬ নভেম্বর) অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন গোহাট উত্তর ইউনিয়নের ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন, পৌরসভার কড়ইশ গ্রামের আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী, পালাখাল গ্রামের স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ আলম, সুবিদপুর গ্রামের আওয়ামী লীগ নেতা মুহিতুল আলম ফরহাদ এবং বিতারা ইউনিয়নের বুধুন্ডা গ্রামের আওয়ামী লীগ নেতা শাকিল মিয়া। তাঁদের শনিবার চাঁদপুরের আদালতে পাঠানো হয়।


এরপর শনিবার (৭ নভেম্বর) রাতে বিশেষ অভিযানে আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন কচুয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কোয়া গ্রামের ওয়ার্ড সহ-সভাপতি মোহাম্মদ শাজাহান, ৮ নম্বর ওয়ার্ডের কড়ইশ গ্রামের আওয়ামী লীগ নেতা একরাম হোসেন, আশ্রাফপুর ইউনিয়নের মাসনিগাছা গ্রামের আওয়ামী লীগ নেতা নেয়ামত উল্লাহ, কড়ইয়া ইউনিয়নের নলুয়া গ্রামের ছাত্রলীগ নেতা সুমন মিয়াজী, কচুয়া উত্তর ইউনিয়নের উজানী গ্রামের ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন এবং কাদলা ইউনিয়নের গুলবাহার গ্রামের ছাত্রলীগ নেতা রায়হান। আইনি প্রক্রিয়া শেষে রোববার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।


গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হক জানান, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপজেলার বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের চাঁদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বিভাগ: কচুয়া চাঁদপুর রাজনীতি সর্বশেষ