kachuanews24.com

কড়ইয়া ইউনিয়ন ভাগ হয়ে হচ্ছে দুই ইউনিয়ন: আজ সোমবার গণশুনানি

নভেম্বর ০৮, ২০২৬ · Kachuanews24.com
ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এক্স
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি | ০৯ নভেম্বর ২০২৬

চাঁদপুরের কচুয়া উপজেলার ৯ নং কড়ইয়া ইউনিয়নকে বিভক্ত করে দুটি নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে আজ সোমবার (০৯ নভেম্বর) গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১১টায় উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয়ে এ শুনানির আয়োজন করা হয়েছে।


উপজেলা পরিসংখ্যান অফিস সূত্রে জানা গেছে, ইউনিয়ন বিভক্তির প্রক্রিয়ার অংশ হিসেবে সীমানা নির্ধারণ ও ওয়ার্ড বিন্যাস কমিটি এ শুনানির আয়োজন করেছে। গত রোববার (০৮ নভেম্বর) জারি করা এক নোটিশে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থেকে শুনানিতে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। নোটিশে স্বাক্ষর করেছেন কচুয়া উপজেলা পরিসংখ্যান অফিসার ও কমিটির আহ্বায়ক মোঃ জয়নুল আবেদীন।


শুনানিতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, মসজিদের ইমাম, জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষের উপস্থিতি নিশ্চিত করতে কড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ব্যাপক প্রচারের মাধ্যমে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।



নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য ও শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী, জেলা প্রশাসক, স্থানীয় সরকারের উপপরিচালক, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা নির্বাচন অফিসার ও মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে।

বিভাগ: কচুয়া চাঁদপুর