kachuanews24.com

কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নভেম্বর ১৮, ২০২৬ · Kachuanews24.com
ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এক্স

 পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে বাদীপক্ষের অসন্তোষ, পুনঃতদন্তের দাবি



ফটো : কচুয়ায় শিশু ফাহমিদা আক্তার হত্যার বিচার ও মামলার পুনঃতদন্তের দাবিতে পৌর ভবনের সামনে মানববন্ধন করেন স্বজন ও এলাকাবাসী।


কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়ায় শিশু ফাহমিদা আক্তার হত্যার বিচার ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কচুয়া পৌর ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।


মানববন্ধনে বক্তারা শিশু ফাহমিদার মৃত্যুর প্রকৃত রহস্য উদ্‌ঘাটন, নিরপেক্ষ তদন্ত এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় বক্তব্য দেন নিহতের জেঠা ও হত্যা মামলার বাদী শফিকুল ইসলাম, স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম এবং নিহতের জেঠি নার্গিস আক্তার ও সাহেরা খাতুনসহ অন্যরা।


মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ২৪ মার্চ মধ্যরাতে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার পর কম্বল পেঁচিয়ে শ্বাসরোধে শিশু ফাহমিদাকে হত্যা করা হয়েছে। তবে তাঁদের এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।


বাদীপক্ষের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর বিষয়টিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে প্রচার করে শিশুটিকে দাফন করা হয়। পরে নিহতের বাবা আমিন মিয়া ন্যায়বিচারের আশায় গত ২০ এপ্রিল চাঁদপুরের আদালতে হত্যা মামলা দায়ের করেন।


মামলার বাদীপক্ষ জানায়, আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) কবর থেকে লাশ উত্তোলন, ময়নাতদন্ত ও তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।


তবে মামলার বর্তমান বাদী শফিকুল ইসলাম অভিযোগ করেন, তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) ইমারত হোসেন যথাযথভাবে সরেজমিন তদন্ত না করে প্রায় সাড়ে পাঁচ মাস পর একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। এতে সন্তুষ্ট না হয়ে বাদীপক্ষ আদালতে আপত্তি জানিয়েছে এবং পুনঃতদন্তের আবেদন করেছে।


তিনি জানান, আগামী ২৯ নভেম্বর এ বিষয়ে আদালতে শুনানির দিন ধার্য রয়েছে।


মানববন্ধন থেকে বক্তারা প্রশাসন ও বিচার বিভাগের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং শিশু ফাহমিদার মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

বিভাগ: কচুয়া দেশ