kachuanews24.com

কচুয়ায় ঘরের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

নভেম্বর ১৭, ২০২৬ · Kachuanews24.com
ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এক্স


ছবি: কচুয়ার কাজকামতায় একটি বসতঘরে চুরির পর তছনছ অবস্থায় পড়ে রয়েছে আসবাবপত্র ও কাপড়চোপড়। 

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়ায় বসতঘরের দরজার তালা ভেঙে নগদ ৭০ হাজার টাকা, প্রায় ৩ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান কাগজপত্র চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আবুল কাশেম কচুয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার ৭ নম্বর দক্ষিণ কচুয়া ইউনিয়নের কাজকামতা গ্রামের বকাউল বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় পরিবারের সদস্যরা ঘরের দরজা-জানালা বন্ধ করে তালা লাগিয়ে অন্য ঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন সকাল ৭টার দিকে আবুল কাশেমের মা দক্ষিণ ভিটির ঘরের দরজা খুলতে গিয়ে তালা ভাঙা দেখতে পান। পরে ঘরের ভেতরে স্টিলের আলমারি খোলা এবং মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। চোরেরা ঘর থেকে নগদ ৭০ হাজার টাকা, প্রায় ৩ ভরি স্বর্ণালংকার, ক্রোকারিজ সামগ্রী ও জমির দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। চুরি যাওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ৭ লাখ টাকা।

ভুক্তভোগী আবুল কাশেম জানান, সোমবার রাত ১০টা থেকে মঙ্গলবার সকাল ৭টার মধ্যে কোনো একসময় চুরির ঘটনা ঘটে। তাঁর মা সকালে বিষয়টি ফোনে জানান। এ ঘটনায় তিনি প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেছেন।


ভিডিও ফুটেজ দেখতে ক্লিক করুন 

আবুল কাশেমের মা শাহানারা বেগম জানান, সকালে ঘরের তালা ভাঙা ও মালামাল এলোমেলো দেখতে পান। অন্যদিকে তাঁর পুত্রবধূ কুলছুমা বেগম বলেন, আট বছরের সংসারজীবনে তাঁদের বাড়িতে তিনবার চুরির ঘটনা ঘটেছে। এবার তাঁর ৩ ভরি স্বর্ণালংকার ও স্বামীর মোটরসাইকেল কেনার জন্য জমানো ৭০ হাজার টাকা চুরি হয়েছে। এতে তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিভাগ: কচুয়া দেশ ভিডিও সর্বশেষ