kachuanews24.com

কচুয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রদীপ সরকারের পাশে এনসিপি, আর্থিক সহায়তা প্রদান

নভেম্বর ১৩, ২০২৬ · Kachuanews24.com
ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এক্স


নিজস্ব প্রতিবেদক, কচুয়া (চাঁদপুর):

চাঁদপুরের কচুয়া উপজেলার দোয়াটি গ্রামে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত প্রদীপ সরকারকে দেখতে তাঁর বাড়িতে গিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কচুয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় তাঁরা প্রদীপের শারীরিক ও পারিবারিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর হাতে আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি ভবিষ্যতে তাঁকে স্বাবলম্বী করে তুলতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন দলটির নেতারা।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে এনসিপি কচুয়া উপজেলা শাখার আহ্বায়ক ডা. আরিফুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দোয়াটি গ্রামের বাসিন্দা প্রদীপ সরকারের বাড়িতে যান। সেখানে তাঁরা প্রদীপ ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দুর্ঘটনার পর থেকে তাঁর চিকিৎসা ও বর্তমান শারীরিক পরিস্থিতির বিস্তারিত খোঁজ নেন।

এ সময় ডা. আরিফুল ইসলাম বলেন, “জাতীয় নাগরিক পার্টি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে অসহায়, দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানুষের দুঃসময়ে পাশে থাকার এই মানবিক প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন এনসিপি কচুয়া উপজেলা শাখার সদস্য সচিব আহমেদ সজীব, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম গাজী এবং কচুয়া উপজেলা ছাত্রশক্তি ও যুবশক্তির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, প্রায় এক মাস আগে কচুয়া উপজেলার দোয়াটি গ্রামের মবিনের দোকানের সামনে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন প্রদীপ সরকার। দুর্ঘটনার পর তাঁর মানবেতর জীবনযাপন ও করুণ শারীরিক অবস্থার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। সংবাদটি এনসিপি নেতা ডা. আরিফুল ইসলামের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে নেতাকর্মীদের নিয়ে প্রদীপ সরকারের বাড়িতে গিয়ে তাঁর পাশে দাঁড়ান এবং সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

বিভাগ: কচুয়া