ছবি: কচুয়ার সাচার বাজারে কৃষকের অধিকার রক্ষার দাবিতে মানববন্ধন করেন স্থানীয় কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
জলবায়ু সংকট মোকাবিলায় কৃষকদের ওপর বাড়তি অর্থনৈতিক চাপ না চাপিয়ে কৃষি অভিযোজনকে অগ্রাধিকার, ঋণের পরিবর্তে অনুদান এবং আধুনিক প্রযুক্তি হস্তান্তরের দাবিতে চাঁদপুরের কচুয়ার সাচার বাজারে সমাবেশ, মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) ‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার’ শীর্ষক দেশব্যাপী প্রচারাভিযানের অংশ হিসেবে রিসোর্স সেন্টার ফর ডেভেলপমেন্ট স্টাডিজের (আরসিডিএস) উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, কৃষিশ্রমিক, সংগঠকসহ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু সংকটের দায় ক্ষুদ্র কৃষকদের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। কৃষি ও খাদ্যব্যবস্থার রূপান্তর হতে হবে কৃষকনেতৃত্বাধীন ও অধিকারভিত্তিক। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসল উৎপাদনের পাশাপাশি কৃষকের আয়, জীবিকা, পানির প্রাপ্যতা ও খাদ্যনিরাপত্তা হুমকির মুখে পড়ছে।
বক্তারা আরও বলেন, চাঁদপুরের ইলিশসহ দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন, কৃষি এবং গ্রামীণ জীবিকা জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকির মুখে রয়েছে। খাল-বিলে পানির স্বল্পতা, সেচ সংকট এবং সার ও জ্বালানির বাড়তি ব্যয় কৃষকদের দুর্ভোগ বাড়াচ্ছে।
আরসিডিএসের নির্বাহী পরিচালক মুহাম্মদ সাদেক সফিউল্লাহ বলেন, কৃষকের উৎপাদন ব্যয় কমিয়ে খাদ্য উৎপাদন সুরক্ষিত রেখেই কৃষির রূপান্তর করতে হবে। জলবায়ু সংকট মোকাবিলায় ঋণের পরিবর্তে শর্তহীন অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং সিদ্ধান্ত গ্রহণে কৃষকের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
স্থানীয় কৃষাণী কুলসুম আক্তার বলেন, আবহাওয়া ও পরিবেশের পরিবর্তনে হাঁস-মুরগি ও গবাদিপশুর রোগবালাই বেড়েছে। এতে গ্রামীণ পরিবারের আয় ও জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেচ ব্যবস্থাপক কাজী আবুল খায়ের জানান, খাল-বিলে পানি কমে যাওয়ায় সেচকাজ ব্যাহত হচ্ছে। পানিতে আর্সেনিক, আয়রন ও লবণের উপস্থিতিও উদ্বেগ বাড়াচ্ছে।
কর্মসূচি থেকে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদের ক্ষতি মোকাবিলায় পর্যাপ্ত অনুদান, অন্তত পাঁচ বছর মেয়াদি কৃষি সহায়তা, সৌরসেচ, সৌর হিমাগার, পানিসাশ্রয়ী চাষাবাদ এবং আধুনিক কৃষিপ্রযুক্তিতে সহায়তার দাবি জানানো হয়।
অনুষ্ঠানে নারী শক্তির পরিচালক পুলিন বিহারী দাস, স্কিম ম্যানেজার মো. মোস্তফা কামাল, ব্যবসায়ী ফারুক হোসেন, কৃষাণী কুলসুম আক্তারসহ স্থানীয় প্রতিনিধিরা বক্তব্য দেন। কর্মসূচি সঞ্চালনা করেন মো. মোস্তফা কামাল।
