kachuanews24.com

কচুয়ায় প্রাক্তন ছাত্রদলের পুনর্মিলনী আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নভেম্বর ১১, ২০২৬ · Kachuanews24.com
ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এক্স



কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

দীর্ঘদিনের স্মৃতি, বন্ধুত্ব আর ভ্রাতৃত্বের বন্ধনকে নতুন করে জাগ্রত করতে কচুয়ায় প্রাক্তন ছাত্রদলের পুনর্মিলনী আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। এ আয়োজনকে সফল করতে পালাখাল মডেল ইউনিয়নে সাবেক ছাত্রদল নেতাকর্মীদের অংশগ্রহণে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১১ নভেম্বর) বিকেলে পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মিলনায়তনে ‘স্মৃতির টানে, আবারও একসাথে’ স্লোগানকে ধারণ করে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন শিক্ষা সমন্বয়ক ও বিএনপি নেতা মোঃ ফজলুল হকের সভাপতিত্বে সভায় পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন খন্দকার।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুবাস, সাবেক যুবনেতা নুর মোহাম্মদ কচি, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন স্বপন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তালুকদার লিটন, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহিন পাটোয়ারী, জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা মিয়াজীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


এছাড়া সাবেক ছাত্রনেতা মাহবুব আলম তাহের, জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ আল মামুন, জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পাটোয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরান মিয়াজী, আব্দুর রহিম রাজ,পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল হোসেন হিমেল, মজনু হাসান, জাবের হোসেন ও এনামুল,সাইফুল ইসলাম হাদি সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা বলেন, ছাত্ররাজনীতির দীর্ঘ পথচলায় একসঙ্গে কাটানো দিনগুলো প্রত্যেকের জীবনে বিশেষ স্মৃতি হয়ে রয়েছে। সময়ের ব্যবধানে অনেকেই বিভিন্ন পেশা ও দায়িত্বে ছড়িয়ে পড়লেও সেই পুরোনো বন্ধন আজও অটুট। প্রাক্তন সহপাঠী ও সহযোদ্ধাদের এক মঞ্চে একত্রিত করার মধ্য দিয়ে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


সভায় কচুয়া উপজেলায় প্রাক্তন ছাত্রদলের পুনর্মিলনী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। একই সঙ্গে অনুষ্ঠানকে আনন্দঘন ও স্মরণীয় করে তুলতে বিভিন্ন সাংগঠনিক ও প্রস্তুতিমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


আয়োজকদের মতে, এ পুনর্মিলনী শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; বরং এটি হবে হারিয়ে যাওয়া দিনের স্মৃতি ফিরে দেখা, পুরোনো বন্ধুদের কাছে পাওয়া এবং দীর্ঘদিনের সম্পর্ককে নতুন করে উদযাপনের একটি মিলনমেলা। যেখানে একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগির মধ্য দিয়ে ফিরে আসবে ছাত্রজীবনের সেই সোনালি দিনগুলো।

বিভাগ: কচুয়া রাজনীতি