নিজস্ব প্রতিবেদক, কচুয়া (চাঁদপুর):
অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে মানবিক উদ্যোগ নিয়েছে চাঁদপুরের কচুয়া উপজেলার আকানিয়া সমাজ কল্যাণ পরিষদ। সংগঠনটির উদ্যোগে আয়োজিত ফ্রি চক্ষু ক্যাম্পের মাধ্যমে প্রায় ১০০ জন রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার আকানিয়া নাছিরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফ্রি চক্ষু ক্যাম্প ও বিনামূল্যে ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে এলাকার অসংখ্য মানুষ চক্ষু পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পান। এ সময় ছানি অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, নির্বাচিত প্রায় ১০০ জন রোগীর চোখের ছানি অপারেশন আগামী বুধবার (২৫ নভেম্বর) চাঁদপুর সদরে অবস্থিত মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে করা হবে।
শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ অফিসের অর্থায়নে এ কর্মসূচির আওতায় ছানি রোগীদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হচ্ছে। সার্বিক সহযোগিতায় রয়েছে আকানিয়া সমাজ কল্যাণ পরিষদ, কচুয়া, চাঁদপুর।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখাই তাদের মূল লক্ষ্য। মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতাকারী চিকিৎসক, স্বেচ্ছাসেবক, সহযোগী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সংগঠনটি।

